কলেজ স্ট্রিটে বই ঘিরেই ধুন্ধুমার! এসএফআইয়ের স্টলের সামনে পাল্টা বইয়ের পসরা এবিভিপির, হাতাহাতিতে আহত
এক দিকে মার্ক্স-লেনিনের বই, অন্য দিকে বিবেকানন্দের রচনা। বইয়ের স্টল বসানোকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে উত্তপ্ত কলকাতার কলেজ স্ট্রিট। মুখোমুখি সংঘর্ষে জড়াল বাম ছাত্র সংগঠন এসএফআই এবং গেরুয়াপন্থী ছাত্র সংগঠন এবিভিপি। দুপক্ষের সদস্যদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। বসানো হয় ব্যারিকেড ও গার্ডরেল। কিন্তু তাতেও উত্তেজনা কমেনি। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে এবিভিপি সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়।পুলিশের অনুমতি নিয়ে মঙ্গলবার থেকে তিন দিনের জন্য কলেজ স্ট্রিটে মহাবোধি সোসাইটির সামনে একটি ছোট বইমেলার আয়োজন করেছিল সিপিএম। মূলত এসএফআইয়ের উদ্যোগেই এই কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন বামপন্থী ও প্রগতিশীল বই রাখার পরিকল্পনা ছিল।তবে অভিযোগ, মঙ্গলবার পুলিশ ওই বুকস্টল বসাতে বাধা দেয়। ফলে নির্দিষ্ট জায়গায় স্টল তৈরি করতে না পেরে কলেজ স্ট্রিটের ট্রামলাইনের উপরেই বই সাজিয়ে বসেন এসএফআই সদস্যেরা। পরে রাস্তা থেকে বই সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। তা নিয়েই শুরু হয় বচসা ও উত্তেজনা। মঙ্গলবার দিনভর কলেজ স্ট্রিট চত্বরে অশান্তি চলে।বুধবার সকালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এসএফআইয়ের বুকস্টলের সামনেই পাল্টা বইয়ের স্টল বসানোর উদ্যোগ নেয় এবিভিপি। জাতীয়তাবাদী ভাবধারার বই নিয়ে কলেজ স্ট্রিটে হাজির হন সংগঠনের সদস্যেরা। তাঁদের হাতে ছিল স্বামী বিবেকানন্দের বই এবং ভারতমাতার ছবি।এ নিয়েই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতির চেহারা নেয়। এসএফআইয়ের অভিযোগ, এবিভিপি সদস্যেরা তাঁদের ব্যানার ছিঁড়ে দেন। মার্ক্স ও লেনিনের বই রাস্তায় ছুড়ে ফেলা হয় বলেও অভিযোগ উঠেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। দুপক্ষকে আলাদা করতে ব্যারিকেড ও গার্ডরেল দিয়ে এলাকা ঘিরে দেওয়া হয়। কিন্তু তাতেও উত্তেজনা কমেনি। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এবিভিপি সদস্যেরা। তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়।এই ধস্তাধস্তির মধ্যেই এসএফআইয়ের এক সদস্য আহত হয়ে রাস্তায় পড়ে যান। পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে। অন্য দিকে, কলেজ স্ট্রিটে তাঁদেরও বইয়ের স্টল বসানোর অনুমতি দিতে হবে, এই দাবিতে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবিভিপি সদস্যেরা।বইপাড়া কলেজ স্ট্রিটে রাজনৈতিক মতাদর্শের লড়াই এ বার বইয়ের স্টল ঘিরে প্রকাশ্যে চলে এল। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

